সাদা পোষাকে আর মাঠে দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার জে পি ডুমিনিকে। প্রথম শ্রেণির ও টেস্ট ক্রিকেটকে গুডবাই বলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জে পি ডুমিনি। গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টেই বাদ পড়েন তিনি। এবার ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণার আগেই টেস্ট থেকে বিদায়ের ঘোষণা দিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
অবসরের ঘোষণা দিয়ে ডুমিনি বলেন, ‘অনেক চিন্তাভাবনা করে প্রথম শ্রেণির ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিগত ১৬ বছরে ৪৬টি টেস্ট ও ১০৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আমি এটা উপভোগ করেছি এবং এটা আমাকে গর্বিত করেছে। সাম্প্রতিক সময়ে একজন সিনিয়র সদস্য হিসেবে দলের সবার কাছ থেকে সম্মান পেয়েছি, যা আমাকে গর্বিত করেছে। আগামী বছরগুলোতে দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত ওভারের ক্রিকেটে মনযোগ দিতে চাই।’
৪৬ টেস্টে ৩২.৮৫ গড়ে ২১০৩ রান করেছেন ৩৩ বছল বয়সী এই ব্যাটসম্যান।
ডুমিনির ওয়ানডে অভিষেক ২০০৪ সালে। এর চার বছর পর সুযোগ পেয়েছিলেন প্রোটিয়া টেস্ট দলে। টেস্টে ৬ সেঞ্চুরি ও ৮ হাফ সেঞ্চুরি পাওয়া ডুমিনির সাম্প্রতিক টেস্ট ফর্ম খুব বেশি ভাল নয়। শেষ আট টেস্টে ১৭.২৮ গড়ে মাত্র ১২১ রান করেছেন তিনি। ১০৮টি প্রথম শ্রেণির ম্যাচ থেকে ২০ সেঞ্চুরি ও ৩০ হাফসেঞ্চুরির সাহায্যে তিনি করেছেন ৬৭৭৪ রান। সর্বোচ্চ স্কোর ২৬০।
ইত্তেফাক/কেআই
