মুক্তাগাছায় সাতশ টাকার জন্য ভ্যানচালককে হত্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:১২

আসামির স্বীকারোক্তি

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

মুক্তাগাছায় মাত্র সাতশ টাকার জন্য ভ্যানচালককে হত্যা করা হয়েছে বলে গ্রেফতার আসামি বাবলু স্বীকার করেছে। রবিবার ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান। সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তাগাছা উপজেলার গড়বাজাইল এলাকার ভ্যানচালক শাহজাহান ওরফে সাজুর গলাকাটা লাশ গত ৩১ মার্চ একটি ফিশারির পাড় থেকে পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় সাজুর ভাই মো. ইসলাম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে এজাহার দায়ের করলে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের হয়। ডিবির টিম বিভিন্ন ছদ্মবেশে মামলাটি তদন্ত করে দ্রুত রহস্য উদঘাটন এবং আসামি বাবলুকে শুক্রবার গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করে।