দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ল টাইগাররা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৬
নয় বছর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ শনিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড়াল দেন তারা।
 
তবে পুরো দল একসঙ্গে যায়নি। সকালেই ৫ জন বিমানে করে উড়াল দেন দক্ষিণ আফ্রিকার পথে। সকাল ১০টায় প্রধান নির্বাচক ও দলের ম্যানেজারের দায়িত্ব থাকা মিনহাজুল আবেদীন নান্নু, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ এবং তিন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, লিটন দাস ঢাকা ছাড়েন।
 
সন্ধ্যা সাড়ে সাতটায় টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিমানে উঠেন ১০ ক্রিকেটার।  তারা হলেন- মুশফিকুর রহিম (অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাষীশ রায় ও মুমিনুল হক। দুবাইতে বিরতি দিয়ে সোজা জোহানেসবার্গ গিয়ে পৌঁছাবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
 
পাকিস্তানে বিশ্ব একাদশের হয়ে খেলা ওপেনার তামিম ইকবালের দেশে ফিরে একাই যাওয়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকায়। এছাড়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে অস্ট্রেলিয়া সিরিজের পর ছুটিগে গিয়েছেন সিডনিতে। তিনিও সেখান থেকে জোহানেসবার্গ গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
 
ইত্তেফাক/কেআই