বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ দিয়ে প্রয়োগ শুরু হবে ক্রিকেটের একগুচ্ছ নিয়ম। যার মধ্যে আম্পায়ারের ক্ষমতা থাকবে কোনো খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেওয়ার। আইসিসির এই নতুন নিয়ম সম্পর্কে নিজেরা সচেতন জানিয়ে মুশফিক বললেন, ‘চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার।’
খেলোয়াড়দের কোড অব কন্ডাক্টে পরিবর্তন এনেছে আইসিসি। গুরুতর অসদাচরণের দায়ে আম্পায়ার ক্রিকেটারদের মাঠ থেকে বের করে দিতে পারবেন। এটা অনেকটাই ফুটবলে লাল কার্ড দেখানোর মতো। একেবারেই নতুন এই নিয়ম সম্পর্কে মুশফিক বলেন, ‘আম্পায়ারদের এখন ক্ষমতা আছে মাঠ থেকে বের করে দেওয়ার। দেখা যাক কী হয়। আমরা কতটুকু ভালো অবস্থায় থাকতে পারি। যেহেতু নতুন নিয়ম একটু এদিক-ওদিক হতে পারে। চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার।’
নতুন নিয়মে কি মাঠে স্লেজিং কমবে। এটা নিয়ন্ত্রণে হয়তো আসতে পারে তবে নিয়মের মধ্যেই স্লেজিং হবে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, ‘খুব যে কমবে তা নয়। অনেক সময় ক্যামেরাতে ধরা পড়ে গেলে মাঠের বাইরে বের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কেউ তো আর চাইবে না মাঠের বাইরে যেতে। আমার মনে হয়, নিয়মের ভেতর থেকে স্লেজিংটা হবে।’
তাছাড়া নতুন নিয়মে ব্যাটের মাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে। ব্যাটের প্রশস্ত হবে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার। এছাড়া পুরত্ব ৬৭ মিলিমিটার যা পাশে হবে সর্বোচ্চ ৪০ মিলিমিটার। এ ব্যাপারে মুশফিক বলেন, ‘যে কটা ব্যাট দিয়ে খেলেছি ওগুলো ঠিক হবে কি না, কে জানে? এটাও একটা চ্যালেঞ্জের বিষয়।’
ইত্তেফাক/কেআই
