সিন্ডিকেট করে চালবাজি হচ্ছে :খাদ্যমন্ত্রী

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ০০:২৭

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণে চালের মজুত রয়েছে। দাম বাড়ার কোনো কারণ নেই। অবৈধ মজুতদার, আড়তদার, মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছেন।

গত বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খাদ্যমন্ত্রী মজুতদার, আড়তদার এবং মিল মালিকসহ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনই ভালো হয়ে যান, সময় আছে। আপনারা যেভাবে চালের দাম বাড়াচ্ছেন, সিন্ডিকেট করে দেশে চালবাজি শুরু করেছেন, চাল নিয়ে রাজনীতি শুরু করেছেন, একটা বিভ্রাট সৃষ্টির চেষ্টা করছেন তা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না।

চাল নিয়ে সংকট সৃষ্টি ও সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম ৭০ থেকে ৮০ টাকা হয়ে যাবে। এটা হওয়ার কোনো কারণ থাকতে পারে না।

চাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, হাওরে আগাম বন্যা ও রোগবালাইয়ের কারণে ফসলহানি হলেও এক কোটি ৯২ লাখ টন ধান ঘরে উঠেছে। দেশের ভেতর এত চাল থাকলেও চাল নিয়ে চালবাজি ও রাজনীতি হচ্ছে।

আগামী ১৯ সেপ্টেম্বর মিল মালিক, আমদানিকারক ও চাল ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে বৈঠক রয়েছে খাদ্য মন্ত্রণালয়ে। খাদ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে বাণিজ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন।

ইত্তেফাক/নূহু