সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আরো এক মাস বাড়ানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর এই সময়সীমা শেষ হবে। শুক্রবার রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বৈধ ইকামা ছাড়া বসবাসরত যেসব বাংলাদেশি এর আগে সাধারণ ক্ষমার আওতায় ট্রাভেল পারমিট গ্রহণ করেননি, তাদেরকে এই সুযোগ কাজে লাগানোর জন্য রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস অনুরোধ জানিয়েছে। যাদের বৈধ পাসপোর্ট রয়েছে তাদেরকে সরাসরি জাওজাত থেকে ‘এক্সিট’ সিল লাগিয়ে বিনা জরিমানায় সৌদি আরব ত্যাগ করার সুযোগ কাজে লাগাতে অনুরোধ করা হয়েছে। আর যাদের বৈধ পাসপোর্ট নেই তাদেরকে দূতাবাস থেকে ট্রাভেল পারমিট গ্রহণ করে জাওজাত থেকে ‘এক্সিট’ সিল লাগিয়ে বিনা জরিমানায় সৌদি আরব ত্যাগ করার সুযোগ কাজে লাগাতে বলা হয়েছে।
সাধারণ ক্ষমার আওতায় যারা ইতোমধ্যে ট্রাভেল পারমিট গ্রহণ করেছেন; কিন্তু সৌদি আরব ত্যাগ করেননি, তাদের ট্রাভেল পারমিটের মেয়াদ থাকলে তারাও জাওজাত থেকে ‘এক্সিট’ সিল লাগিয়ে বিনা জরিমানায় সৌদি আরব ত্যাগ করতে পারবেন। আর যারা ইতোপূর্বে ট্রাভেল পারমিট গ্রহণ করে জাওজাত থেকে ‘এক্সিট’ সিল লাগিয়েছেন; কিন্তু ফ্লাইট সিডিউল না পাওয়ায় অথবা অন্য কোনো কারণে সৌদি আরব ত্যাগ করতে পারেননি, ট্রাভেল পারমিটের মেয়াদ থাকলে তারাও বিনা জরিমানায় সৌদি ত্যাগ করতে পারবেন। ট্রাভেল পারমিটের মেয়াদ না থাকলে পুনরায় ট্রাভেল পারমিট গ্রহণ করে এ সুযোগ কাজে লাগানো যাবে।
ইত্তেফাক/এমআর
