অ্যাটলেটিকো মদ্রিদের নতুন মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানো স্টেডিয়ামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এবারই। অ্যাটলেটিকো মাদ্রিদ এর আগে স্প্যানিশ লা লিগায় তিনটি ম্যাচ খেললেও শনিবার রাতে প্রথম হোম ম্যাচ খেলেছে। সেই সুবাদে নতুন এই মাঠের অভিষেক হয়েছে এদিনেই। ফরাসি ফরোয়ার্ড অাঁতোয়েন গ্রিজম্যানের গোলে এদিন মালাগার বিপক্ষে ১-০ গোলের জয় দিয়েই যাত্রা শুরু করেছে অ্যাটলেটিকো। এ জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন-এ ওঠে এসেছে দলটি।
IMG0
গত মৌসুমেই ভিসেন্তে ক্যালদেরন স্টেডিয়ামকে আনুষ্ঠানিক বিদায় জানায় অ্যাটলেটিকো। নতুন করে নির্মিত এই মাঠে দর্শক ধারণ ক্ষমতা ৬৮ হাজার। যা আগের মাঠের চেয়ে অন্তত ১৩ হাজার বেশি। তবে শনিবার এই ম্যাচটি দেখতে ৬৩ হাজার সমর্থক মাঠে উপস্থিত হয়েছিলেন।
IMG1
বেশ জাঁকজমকের সঙ্গে যাত্রা শুরু হয়েছে অ্যাটলেটিকোর নতুন স্টেডিয়ামের। গ্যালারিতে উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, যিনি নিজে অ্যাটলেটিকো-সমর্থক। তবে সেই শুভ দিনে ৬০ মিনিট পর্যন্ত অ্যাটলেটিকোকে গোলবঞ্চিত রেখেছিল মালাগা। শেষ বেলায় ত্রাতা হয়েছেন লিগে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা গ্রিজম্যান। অ্যাঙ্গেল কোরেয়ার ক্রস থেকে গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড।
ইত্তেফাক/কেআই
