নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:১৯

ইত্তেফাক ডেস্ক

র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে রবিবার সারাদেশে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

খুলনা: দিবসটি পালন উপলক্ষে সকালে খুলনা সিভিল সার্জন অফিসের উদ্যোগে নগরীর স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তৃতা করেন স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা. সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান শেখ প্রমুখ।

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে নার্সিং ইনস্টিটিউটে শেষ হয়। নার্সিং ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার চৈতী রায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ মোবারক।

শরীয়তপুর: জেলা স্বাস্থ্য বিভাগ শহীদ মিনার প্রাঙ্গন থেকে র্যলি বের করে। র্যালি শেষে সিভিল সার্জন ডা. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মামুন উল হাসান।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। সুনামগঞ্জ সিভিল সার্জন আশুতোষ দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল চত্বর থেকে র্যালি বের হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এস.এফ.এম. খায়রুল আতাতুর্ক।

নওগাঁ: জেলা সির্ভিল সার্জনের আয়োজনে কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সির্ভিল সার্জন অডিটোরিয়ামে এক আলোচনা সভা হয়। সিভিল সার্জন ডা. মুনিনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক প্রমুখ।

এ ছাড়া পঞ্চগড়ের বোদা, দিনাজপুরের কাহারোল, ফুলবাড়ি, নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর, ভোলার মনপুরা, কিশোরগঞ্জের হোসেনপুর, পাকুন্দিয়া, বগুড়ার সোনাতলা, পিরোজপুরের মঠবাড়িয়া, জামালপুরের ইসলামপুর, নাটোরের বড়াইগ্রামসহ বিভিন্ন জেলা ও উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।