অনুশীলন ক্যাম্পে ডাক পাননি হাফিজ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২০
১৯ সেপ্টেম্বর থেকে লাহোরে শুরু হওয়া সংক্ষিপ্ত কন্ডিশনিং ক্যাম্পের জন্য ঘোষিত ১৮ সদস্যের পাকিস্তানী দলে জায়গা হয়নি অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ হাফিজের। চলতি মাসের শেষে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য এই ক্যাম্প ডাকা হয়েছে। 
 
২০১৬ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন হাফিজ। সম্প্রতি শেষ হওয়া ইন্ডিপেনডেন্স কাপেও টি২০ দলে জায়গা হয়নি হাফিজের। এই ক্যাম্পের জন্য নির্বাচকরা তিনজন ওপেনারকে বিবেচনা করেছেন, তারা হলেন আহমেদ শেহজাদ, শান মাসুদ ও সামি আসলাম। 
 
মিসবাহ-উল-হক ও ইউনিস খানের অবসরের পরে নির্বাচকরা কার্যত তরুণদের নিয়ে দল গঠনেই বেশী আগ্রহী হয়ে উঠেছেন। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যেই ওয়ানডে ও টি২০ ফর্মেটে বেশ কয়েকজন তরুণ দলে অন্তর্ভুক্ত হয়েছেন। আসন্ন টেস্ট সিরিজের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিন। প্রথম শ্রেণীর ক্রিকেটে উসমানের ব্যাটিং গড় ৪৭।
 
এই দলে আরো রয়েছেন বাঁহাতি স্পিনার মুহাম্মদ আসগারসহ আরো দুই স্বীকৃত স্পিনার। তবে সুখবর হলো বেশ কিছুদিন পরে আবারো দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। গোঁড়ালির ইনজুরির কারণে তিনি বিশ্রামে ছিলেন। অন্যদিকে প্রথম সন্তানের জন্মের কারণে ছুটি কাটিয়ে দলে ফিরেছেন আরেক পেসার মোহাম্মদ আমির।
 
অনুশীলন ক্যাম্পের জন্য পাকিস্তানী স্কোয়াড: আজহার আলী, শান মাসুদ, আহমেদ শেহজাদ, সামি আসলাম, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, উসমান সালাহউদ্দিন, সরফরাজ আহমেদ, মুহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আসগার, বিলাল আসিফ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলী, মোহাম্মদ আব্বাস ও মির হামজা। বাসস।
 
ইত্তেফাক/রেজা