হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
শনিবার রাতে হোমনায় মত্স্য প্রকল্পে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দড়িকান্দি মত্স্য প্রকল্পে দুর্বৃত্তদের দেওয়া বিষে পাঁচ লাখ টাকার মাছ মরে গেছে বলে জানান এর মালিক নাছিমা আক্তার। নাছিমা আক্তার জানান, উপজেলার আসাদপুর ইউনিয়নের দড়িকান্দি-নোয়াগাঁও গ্রামের ২৫০ একর জমি একসনা লিজ নিয়ে গ্রামের কয়েকজন যুবককে নিয়ে মাছ চাষ করেন। রবিবার সকালে গিয়ে দেখেন প্রায় পাঁচ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। নাছিমার অভিযোগ, কেউ শত্রুতাবশত এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে তিনি হোমনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানার এসআই আবদুর রাজ্জাক জানান, বিষ দিয়ে মত্স্য প্রকল্পের মাছ নিধনের আলামত হিসেবে ঘটনাস্থল থেকে বিষের খালি বোতল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অধিকতর তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
