স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:২০

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার স্ত্রীর দায়ের করা মামলায় নির্যাতনকারী স্বামীকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হচ্ছে বাচ্চু হাওলাদার।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত হালিম উদ্দিন শিকদারের মেয়ে সোনিয়ার (২৫) সঙ্গে গৌরনদীর চাঁদশী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে বাচ্চু হাওলাদারের সাত বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য সোনিয়াকে প্রায়ই স্বামী নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল বাবার বাড়ি থেকে যৌতুক আনতে বললে সোনিয়া অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ও তার পরিবারের লোকজন মারধর করে। পরে গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের ঘটনায় শনিবার সোনিয়া বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করে।