প্রথম ব্যাটসম্যান হিসেবে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের আন্তর্জাতিক পর্যায়ে ছক্কায় সেঞ্চুরি করলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। শনিবার রাতে চেষ্টার-লি-স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচে ৪টি ছক্কা হাঁকিয়ে এমন বিশ্ব রেকর্ড গড়েন ৩৭ বছর বয়সী গেইল।
ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে টি-২০ ক্রিকেটে ৫২ ম্যাচে গেইলের ছক্কা ছিলো ৯৯টি। ইংলিশদের বিপক্ষে ৩টি চার ও ৪টি ছক্কায় ২১ বলে ৪০ রান করে আউট হন গেইল। ফলে টি-২০ ইতিহাসের প্রথম ব্যাটসম্যান ও ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।
টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার দিক দিয়ে দ্বিতীয়স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৭১ ম্যাচে ৯১টি ছক্কা মেরেছিলেন তিনি।
৫৮ ম্যাচে ৮৩টি ছক্কা হাঁকিয়ে এই তালিকার তৃতীয়স্থানে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ভারতের যুবরাজ সিং। গাপটিল ৭৬ ও যুবরাজ ৭৪টি ছক্কা হাঁকান। বাসস।
ইত্তেফাক/রেজা
