প্রথম ফ্ল্যাগশিপ স্টোর চালুর মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড পুমা। বনানী ১১ নম্বর রোডে অবস্থিত এ ফ্ল্যাগশিপ স্টোরটি সাউথ-ইস্ট এশিয়ার বৃহত্তম স্টোরগুলোর একটি। ২ হাজার ২শত বর্গফুট আয়তনের এ স্টোরটি জুড়ে রয়েছে এ ব্র্যান্ডের লেটেস্ট সব পারফরমেন্স ও স্পোর্টস স্টাইল পণ্য। বাংলাদেশে পুমার প্রথম স্টোর চালুর বিষয়ে পুমা ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অভিষেক গাঙ্গুলি বলেন, বাংলাদেশের ক্রিড়া সংস্কৃতি এখন বেশ দ্রুত অগ্রসরমান এবং এ দেশের বাজার আমাদের কার্যক্রম শুরুর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে পেরে আমরা বেশ আনন্দিত। স্টোরটি চালুর বিষয়ে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার বলেন, বাংলাদেশে এই ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য পুমার সেরা সব পণ্য এবং অভিজ্ঞতা গ্রহণের সুযোগ করে দিতে আগ্রহী। এছাড়াও উপস্থিত ছিলেন পুমা ইন্ডিয়া এবং ডিবিএল গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ যাদের মধ্যে আছেন পুমা ইন্ডিয়ার মাল্টি ব্র্যান্ড চ্যানেলের বিজনেস হেড পুলক চৌধুরী, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম. এ. রহিম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এ. কাদের।- প্রেস বিজ্ঞপ্তি
