বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ভুটান

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ভুটান। এ লক্ষ্যে আগামী ১২ এপ্রিল বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকায় এক দ্বি-পাক্ষিক আলোচনায় মিলিত হবেন ভুটানের ব্যবসায়ীরা। ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিং এর বাংলাদেশ সফরকালে এফবিসিসিআই নেতৃবৃন্দ এবং ভুটান ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে এক সভা অনুষ্ঠিত হবে। গতকাল এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম এবং ভুটানের রাষ্ট্রদূত  সোনাম তোবদেন রাবগের মধ্যে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়। ১২ এপ্রিল অনুষ্ঠেয় সভায় ভুটানের প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং ২০ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেবেন। বাংলাদেশের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্যমন্ত্রী এবং বিদ্যুত্ প্রতিমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ভুটান প্রতিনিধি দলে নির্মাণ খাত, বিদ্যুত্ ও জ্বালানি, ভোগ্যপণ্য এবং পর্যটন ও সেবা খাতের প্রতিনিধিবৃন্দ অংশ নেবেন।

গতকালকের বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ভুটানের রাষ্ট্রদূত উল্লেখ করেন, বন্ধুপ্রতিম এ দেশ দুইটির মধ্যকার বাণিজ্য সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পারস্পরিক নিবিড় যোগাযোগ এবং কার্যকর আলোচনার মাধ্যমে এ সম্পর্ক উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব।

উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ ৩৭ লাখ মার্কিন ডলারের পণ্য ভুটানে রপ্তানি করে এবং ভুটান থেকে ১ কোটি ৮১ লাখ ডলারের পণ্য আমদানি করে। ভুটানে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যগুলো হচ্ছে কৃষি পণ্য, আকরিক, স্ল্যাগ এবং ছাই, ওভেন গার্মেন্টস, প্লাস্টিক ও প্লাস্টিক সামগ্রী এবং ওষুধ পণ্য। আর ভুটান থেকে মূলত খনিজ পণ্য, সবজি, আয়রন ও স্টিল এবং টেক্সটাইল সামগ্রী আমদানি করা হয়।