বিশ্ব জ্ঞানভাণ্ডারে প্রবেশে ইন্টারনেট কানেকটিভিটি প্রয়োজন : ইউজিসি চেয়ারম্যান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, বিশ্বায়নের এই যুগে শিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বিশ্ব জ্ঞানভাণ্ডারে প্রবেশ করতে ইন্টারনেট কানেকটিভিটি খুবই প্রয়োজন। আজ সোমবার ইউজিসি অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্যাম্পাস নেটওয়ার্ক প্রকল্প’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের মানব সম্পদ উন্নয়নে নিরবিছিন্ন ইন্টারনেট সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা ক্যাম্পাসে নিরবিছিন্ন ইন্টারনেট সেবার মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন।
 
প্রফেসর মান্নান সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পাস নেটওয়ার্ককে ইউজার ফ্রেন্ডলি ও ব্যবহারকারীদেরকে এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য আহ্বান জানান। 
 
চলতি বছরের ৭ সেপ্টেম্বর দেশের ১৯ টি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নেটওয়ার্ক ও আইপি টেলিফোনি সিস্টেম স্থাপনের জন্য ডাটা এজ লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। 
 
দেশের উল্লেখিত এসব বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ গতির নিরবিছিন্ন ইন্টারনেট সেবার আওতায় আসবে। ফলে পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপন করা হবে। বাসস।
 
ইত্তেফাক/এমআই