দলবদলের বাজারে বার্সেলোনার হয়ে রেকর্ড ১০৫ মিলিয়ন ইউরোতে দলভুক্ত হওয়া তারকা স্ট্রাইকার ওসমান ডেম্বেলেকে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের টেবিলে বসতে হচ্ছে। গেটাফের বিপক্ষে লা লিগার সর্বশেষ ম্যাচে ডেম্বেলে বাম থাইয়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন। ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে তার অস্ত্রোপচার সম্পন্ন হবে বলে বার্সেলোনার এক বিবৃতিতে জানানো হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত চার মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবারই ফিনল্যান্ডে উড়ে গেছেন ডেম্বেলে। এসময় তার সাথে ছিলেন টিম ফিজিও ড: রিকার্ড প্রুনা। স্থানীয় ক্রীড়া দৈনিক মার্কাতে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে ফিনল্যান্ডের রাজধানীতে রওয়ানা হবার আগে বিমানবন্দরে ডেম্বেলেকে হুইলচেয়ারের সাহায্য নিতে হয়েছে।
বার্সেলোনার হয়ে ফ্রেঞ্চ জাতীয় দলের এই তারকা এই মৌসুমে মাত্র তিন ম্যাচে অংশ নিয়েছেন। গত মাসে বরুসিয়া ডর্টমুন্ড থেকে রেকর্ড ফি’তে তিনি বার্সায় যোগ দেন। গেটাফের বিপক্ষে শনিবার ২-১ গোলের জয়ের ম্যাচটিতে মাত্র ২৯ মিনিটে ডেম্বেলে ইনজুরিতে পড়েন। ক্যারিয়ারে এটাই ডেম্বেলের প্রথম বড় কোন ইনজুরি। বার্সা বস আর্নেস্টো ভালভার্দে মনে করেন অভিজ্ঞ কোন খেলোয়াড় হলে এই ধরনের পরিস্থিতিতে এত গুরুতর ইনজুরিতে নার পড়তে পারতেন।
২০ বছর বয়সী ডেম্বেলে ছোটবেলা থেকেই বার্সেলোনার ভক্ত। আর নিজে সেই দলের হয়ে একদিন মাঠে নামবেন, এমন স্বপ্ন ছিল শৈশব থেকেই। দলবদলের আলোচনা শুরু হবার পর থেকেই মূলত তিনি আর দ্বিতীয় কোন চিন্তা করেননি। প্রাক-মৌসুমে ডর্টমুন্ডের হয়ে অনুশীলনে তাই একেবারেই মনোযোগী ছিলেন না। ধারনা করা হচ্ছে ইনজুরির মাত্রাটা হয়ত সে কারণেই কিছুটা গুরতর হয়েছে। ডেম্বেলের এই ইনজুরিতে বার্সেলোনাকেও এখন আক্রমণভাগে বিকল্প খুঁজতে হচ্ছে। সামনে রয়েছে চ্যাম্পিয়নস লীগের গ্রুপ পর্বের ম্যাচসহ ২৩ ডিসেম্বর রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো, যার কোনটাই খেলার হচ্ছেনা ডেম্বেলের। আন্তর্জাতিক পর্যায়েও আগামী মাসে বুলগেরিয়া ও বেলারুসের বিপক্ষে ফ্রান্সের শেষ দুটি বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বিশ্রামেই থাকতে হচ্ছে দলের অন্যতম নির্ভরযোগ্য এই ফরোয়ার্ডকে। বাসস।
ইত্তেফাক/রেজা
