রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ককটেল বিস্ফোরণে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ৩০৫ নম্বর কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ কর্মী রাকিব বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুয়েট সূত্র জানায়, রাকিব বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের ৩০৫ নম্বর কক্ষে নতুন উঠেছেন। আগে অন্য একটি কক্ষে থাকতেন। তিনি কক্ষে ককটেল সাদৃশ্য বস্তু দেখে তা স্থানান্তর করতে গেলে সেটি বিস্ফোরিত হয়। এতে রাকিবের হাত গুরুতর জখম হয়।
তবে রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান তপু দাবি করেন, আমার কক্ষের (৩০৮) সামনে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়। সেখানে রাকিব থাকায় আহত হয়।
হল প্রাধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, জিয়া হলের ৩০৫ নম্বর কক্ষের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে কে বা কারা এটা ঘটিয়েছে তা জানি না। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, রুয়েটের একটি কক্ষে বিকেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করি। ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো জানা যায় নি।
ইত্তেফাক/ আরকেজি
