চকলেটের উপকারী গুণ

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:৩০

ডা. সঞ্চিতা বর্মন

চকলেট খেলে দাঁতের ক্ষতি হয় এটা আমাদের মোটামুটি জানা কথা। কিন্তু চকলেটে রয়েছে জাদুকরী কিছু পুষ্টিগুণ; যা আমাদের অনেকেরই অজানা। বিশেষ করে ভালোমানের কালো বা ডার্ক চকলেটে। ৭০-৮৫ ভাগ কোকোয়া সমৃদ্ধ চকলেটকে ডার্ক চকলেট বলা হয়। এতে আছে আঁশ, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, ম্যাংগানিজ, পটাশিয়াম, ফসফরাস, জিংক ও সেলেনিয়াম। দিনে অল্প পরিমাণ ডার্ক চকলেট খেলেও ৫০ ভাগ পর্যন্ত হূদরোগে মৃত্যুর ঝুঁকি কমে যায়। নিয়মিত চকলেট খেলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে ও শারীরিক প্রদাহ রোধে ডার্ক চকলেট সহায়তা করে। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে জৈব উপাদান রয়েছে; যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। অ্যান্টি-অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ক্যান্সার কোষ ধ্বংস করে। চকলেটের আরেকটি বড়গুণ হলো এটি বিষণ্নতা দূর করতে সাহায্য করে। চকলেটে রয়েছে ট্রিপটোফেন নামক উপাদান যা বিষণ্নতা রোধে ভূমিকা রাখে। দিনে ৪০ গ্রাম ডার্ক চকলেট খেলে স্ট্রেস হরমোন দুই সপ্তাহের মধ্যে কমে যায়। তবে চকলেট প্রক্রিয়াজাত করা হলে তার গুণগত মান কমে যায়। এছাড়া বাটার, চিনি ও চর্বিসমৃদ্ধ চকলেট শরীরের জন্য ক্ষতিকর। সর্বোচ্চ মাত্রার কোকোয়া সমৃদ্ধ চকলেট শরীরের জন্য উপকারী। তবে চকলেটে উপকারী গুণ আছে বলে বেশি খাওয়া যাবে না। সপ্তাহে ভালোমানের চকলেট অল্প পরিমাণে খেতে হবে।

লেখক: ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ