ফুলবাড়ীতে অর্ধদিবস হরতাল চলছে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১১:২৫
 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতনকে লাঞ্ছিত করার প্রতিবাদে সমর্থকদের ডাকা অর্ধদিবস হরতাল চলছে। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা সদরে এ হরতাল কর্মসূচী পালন করছে সমর্থকরা। এতে উপজেলা সদরে যানবাহন চলাচল সহ দোকানপাট বন্ধ রয়েছে।
 
জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাঝি পাড়া গ্রামে একটি সালিশ বৈঠকে আহম্মদ আলী পোদ্দারকে শারীরিকভাবে লাঞ্ছিত করে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তার সমর্থকরা মঙ্গলবার রাতে ফুলবাড়ী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। একজন প্রবীণ রাজনৈতিক নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বুধবার ফুলবাড়ী উপজেলা সদরে অর্ধদিবস হরতালের ডাক দেন তারা।
 
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, হরতালকারীরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা সদরে পুলিশের টহল রয়েছে।
 
ইত্তেফাক/জামান