২৬তম আমেরিকান ডেন্টাল কংগ্রেসে ডা. অরূপ রতন চৌধুরী

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৬
 
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় শুরু হয়েছে ২৬তম আমেরিকান ডেন্টাল কংগ্রেস। তিন দিনব্যাপী এই কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের প্রখ্যাত দন্ত চিকিৎসক, ঢাকার বারডেম হাসপাতালের ডেন্টাল বিভাগের অধ্যাপক, একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ডা. অরূপ রতন চৌধুরী।
 
স্থানীয় সময় সোমবার থেকে শুরু হওয়া এই কংগ্রেসে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, অস্ট্রেলিয়া, চায়না, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, সাউথ আফ্রিকা, স্পেন, সুইজারল্যান্ড, তুর্কি, যুক্তরাজ্য ও ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেন।
 
ডা. অরূপ রতন চৌধুরী ইত্তেফাককে জানান, তিন দিনের কংগ্রেসে স্বাস্থ্যখাতের ২৬টি বিষয় নিয়ে নির্ধারিত আলোচনা চলছে। এবারের কংগ্রেসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, 'দাঁত ও মৌখিক স্বাস্থ্যের ভবিষ্যতের রূপায়ণে সম্ভাবনার অনুসন্ধান।'
 
তিন দিনব্যাপী এই ডেন্টাল কংগ্রেসে ডা. অরূপ রতন চৌধুরী বিভিন্ন পর্বে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন এবং বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন। 
এদিকে নিউইয়র্কে ডা. অরূপ রতন চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে শিল্পকলা একাডেমি ইউএসএ। এ উপলক্ষে গত রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে। ডা. অরূপ রতন চৌধুরী ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্ত্রনাথ রায় ও শহীদ হাসান।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. নূরান নবী। অনুষ্ঠানে কী নোট স্পিকার ছিলেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ। আরো বক্তব্য দেন কবি ও লেখক বেলাল বেগত, শিল্পকলা একাডেমি ইউএসএ সভাপতি মনিকা রায় প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ডা. অরূপ রতন চৌধুরী।
 
এর আগে গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত দুইদিনব্যাপী জালালাবাদ বিশ্ব সম্মেলনে যোগ দেন ডা. অরূপ রতন চৌধুরী। অনুষ্ঠানে তাকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
 
ইত্তেফাক/জামান