কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীকে যৌন হযরানির অভিযোগে বুধবার সুরুজ্জামান নামে এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিভাবক ও এলাকাবাসীর বিক্ষোভের মুখে বিদ্যালয় পরিচালনা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করে। সুরুজ্জামান উপজেলার ধলডাঙ্গা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
জানা যায়, সুরুজ্জামান দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে প্রাইভেট পড়ানোর নামে ওই ছাত্রীকে যৌন হয়রানি করছিলেন। দীর্ঘদিনেও তাকে বিয়ে না করায় মঙ্গলবার বিষয়টি প্রধানশিক্ষককে অবহিত করলে ঘটনাটি জানাজানি হয়।
শিক্ষকের অশালীন আচরণে অভিভাবক মহল ও এলাকাবাসী মঙ্গলবার দিনভর ও বুধবার দুপুর পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিদ্যালয় পরিচালনা কমিটি অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের ঘোষণা দিলে এলাকার পরিবেশ কিছুটা শান্ত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজিউর রহমান ও প্রধানশিক্ষক রিয়াজুল ইসলাম ঘটনার সত্যতা শিকার করেছেন।
ইত্তেফাক/ আরকেজি
