আবাহনী বনাম লিজেন্ডস অব রূপগঞ্জের খেলা। পয়েন্ট টেবিলের বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচ দেখতে গিয়ে সকালবেলাতেই চমক— টস করলেন অধিনায়কদের বদলে ‘অচেনা’ এক ইউরোপিয়ান ভদ্রলোক। কে ইনি? জানা গেলো, তিনি যুক্তরাজ্যের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বে থাকা মন্ত্রী মার্ক ফিল্ড।
ব্যক্তিজীবনে অত্যন্ত ক্রিকেট অনুরাগী এই ব্রিটিশ মন্ত্রী এসেছেন বাংলাদেশ সফরে। এখানে এসে যখন শুনলেন দেশের সবচেয়ে আকর্ষণীয় ওয়ানডে টুর্নামেন্ট, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা চলছে; সেই খেলা দেখতে চলে গেলেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। তার সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
ব্রিটিশ মন্ত্রীকে ক্রিকেট বোর্ডে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। মন্ত্রী বেশ খানিকক্ষণ মাঠে থেকে খেলা দেখেন এবং বোর্ড পরিচালক ও প্রধান নির্বাহীর সাথে ক্রিকেট নিয়ে বিভিন্ন আলাপ করেন। এর মধ্যে বাংলাদেশের খেলায় যে উন্নতি হয়েছে গত কয়েক বছরে, সেটা নিয়ে বিশেষ সন্তোষ প্রকাশ করেন এই মন্ত্রী।
মার্ক ফিল্ডের এই সফর সম্পর্কে বলতে গিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলছিলেন, ‘এটা একেবারেই সৌজন্যমূলক একটা ভ্রমণ ছিলো। তিনি খুব ক্রিকেট উত্সাহী। তাই খেলা দেখতে এসেছিলেন। শুনেছেন যে, উপমহাদেশে ভারতের পরই বাংলাদেশে ক্রিকেটের উত্সাহটা সবচেয়ে বেশি। সেটা দেখতে এসেছিলেন। এছাড়া আমাদের সাথে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নিয়েও অনানুষ্ঠানিক আলাপ করেছেন।’
