২০১৯ চ্যাম্পিয়নস লীগের ফাইনালের ভেন্যু হিসেবে মনোনীত হয়েছে এ্যাথলেটিকো মাদ্রিদে ৬৮ হাজার ধারণক্ষমতা সম্পন্ন নতুন স্টেডিয়াম ওয়ান্ডা মেট্রোপলিটানো। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা ইউয়েফা এই তথ্য নিশ্চিত করেছে।
এবারের মৌসুমের ফাইনালের জন্য আরেক ভেন্যু আজারবাইজানের রাজধানী বাকু প্রার্থিতা ঘোষণা করেছিল। তাদেরকে সান্ত্বনা হিসেবে ২০১৯ ইউরোপ লীগের ফাইনাল ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।
নারী চ্যাম্পিয়নস লীগের ফাইনালের ভেন্যু হিসেবে মনোনীত হয়েছে বুদাপেস্ট। অন্যদিকে চ্যাম্পিয়নস লীগ ও ইউরোপ লীগের বিজয়ীদের নিয়ে ইউয়েফা সুপার কাপ ইস্তাম্বুলের বেসিকটাস ভোডাফোন পার্কে অনুষ্ঠিত হবে।
২০১৫ সালে এ্যাথলেটিকোর ২০ শতাংশ শেয়ার কিনে নেয় চাইনিজ একটি প্রতিষ্ঠান। তাদেরই অর্থায়নে মূলত ওয়ান্ডা স্টেডিয়ামটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এর পিছনে ব্যয় হয়েছে প্রায় ৩১০ মিলিয়ন ইউরো। শনিবার মালাগার বিপক্ষে লা লিগায় প্রথমবারের মত নিজেদের নতুন হোম ভেন্যুতে খেলতে নেমে ১-০ গোলের জয় তুলে নেয় এ্যাথলেটিকো।
নতুন মাঠে প্রথম গোল করতে পেরে দলের তারকা স্ট্রাইকার এন্টোনিও গ্রিয়েজমান বলেছেন, আমার কাছে এ পর্যন্ত খেলা এটাই সেরা মাঠ।
এ্যাথলেটিকো কোচ দিয়েগো সিমিয়োনে বলেছেন, একজন খেলোয়াড় বা কোচ হিসেবে এই ধরনের স্টেডিয়াম আমি আগে কখনই দেখিনি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার সূত্রমতে মাদ্রিদের হোটেলে আবাসন ক্ষমতা ও আন্তর্জাতিক বিমানবন্দরটি কাছে হওয়ায় চ্যাম্পিয়নস লীগের ফাইনালটি ওয়ান্ডাতে অনুষ্ঠানের ব্যপারে সহায়ক হয়েছে।
এ্যাথলেটিকো এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০১৯ চ্যাম্পিয়নস লীগের ফাইনালের মাধ্যমে বিশ্ব ফুটবলের সঙ্গে সংশ্লিষ্টরা আমাদের নতুন স্টেডিয়ামটি দেখতে পারবে। আশা করছি এর মাধ্যমে আগত দর্শকরা সেরা একটি অভিজ্ঞতা নিয়েই ঘরে ফিরবে।’
ইত্তেফাক/রেজা
