নাইক্ষ্যংছড়িতে ত্রাণের ট্রাক খাদে ৯ জন নিহত, আহত ১২

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালায় রেডক্রিসেন্টের ত্রাণের ট্রাক দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এসময় আরো ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য রেডক্রিসেন্টের একটি ট্রাক ত্রাণ নিয়ে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন- জলিল আহমদ, সুলতান আহমেদ, আব্দুল্লাহ, সুরুত আলম, সুদর্শন বড়ুয়া, সৈয়দুল আমীন, আবদুল মাবুদ, মোহাম্মদ আবদুল্লাহ এবং হামিনুল হাকিম। নিহতরা সকলেই নাইক্ষ্যংছড়ির বাসিন্দা।

খবর পেয়ে পুলিশ, বিজিবি, রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

জেলা রেডক্রিসেন্ট ইউনিট বান্দরবানের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর বলেন, চাকঢালা সীমান্তের তিনটি পয়েন্টে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য রেডক্রিসেন্টের ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিল গড়িটি। নিহতদের মধ্যে ৭ জন শ্রমিক এবং দু’জন স্থানীয় শিশু রয়েছে।  শিশুরা রোহিঙ্গাদের দেখতে ট্রাকে উঠেছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, রেডক্রিসেন্টের ত্রাণ নিয়ে যাবার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, ত্রাণের ট্রাক দুর্ঘটনায় ৯ জন মারা গেছে।

লামা সাংবাদদাতা জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ফরিদ খান জানিয়েছেন, দুর্ঘটনায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। গুরুতর আহতরা হলো- মোঃ সেলিম, সৈয়দুর রহমান, মোঃ ফয়েজ, আলী হোসেন, মোঃ ইউছুপ, আবু তাহের, মোঃ বাবুল, জিয়াউর রহমান, মো. জসিম, আজিজুর রহমান। গুরুতর আহত হওয়ায় এদেরকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।  নিহতদের সকলের বাড়ি নাইক্ষ্যংছড়ি সদরের ১,২ ও ৩নং ওয়ার্ডে। বান্দরবান জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর জানান, আইন-শৃঙ্খলা বাহিনী, কক্সবাজার ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী ও স্থানীয়রা ট্রাকের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধার করেছে। বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন করার জন্য মাথাপিছু ১০ হাজার টাকা এবং আহতদের চিকিত্সার জন্য প্রতি পরিবারকে ৫ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নাইক্ষ্যংছড়ি ঈদগাহ ময়দানে জানাজা শেষে সকলকে দাফন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হাটহাজারীতে ৫ জন আহত

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে মিনিবাস-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৫জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মীরেরহাট বড়ুয়া পাড়ার বাঁকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সিএনজি অটোরিক্সা চালক জাকির মো. হাসান, অটোরিক্সা যাত্রী যথাক্রমে সুবর্ণা, কাওসার, ছেনোলতা ও জ্যোতিকা। তাদের সবার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু