মদ পানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:৫৬

রাজশাহীতে মদপান করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরা হলেন—আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশিদ খান তূর্য (২১) এবং তার বন্ধু অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তূর্য রায় (২১)। রামেক হাসপাতালের চিকিত্সকরা মদপানে দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ওই দুই শিক্ষার্থী পরস্পর বন্ধু। উভয়ে ক্যাম্পাসের বাইরের পৃথক মেসে থাকতেন। তারা দুই বন্ধু মিলে গত শুক্রবার রাতে মদপান করেন। এর পর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। পরে শনিবার দুপুরের দিকে অন্য বন্ধুরা তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিত্সাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে দুজনই মারা যান। ময়নাতদন্তের জন্য উভয়ের লাশ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।