বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১২:০২
বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে। ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার রাতে এই ম্যাচে মাত্র ২.২ ওভার খেলার পর বৃষ্টি হানা দেয়। এরপর আর বল মাঠে গড়ানোর সুযোগ পায়নি। ফলে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হলো। এর আগে ওল্ড ট্রাফোর্ডে প্রথম ম্যাচে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
 
সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ আগামী রবিবার ব্রিস্টলে অনুষ্ঠিত হবে। এদিকে ম্যাচের আগেই ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল ইনজুরির কারণে ছিটকে পড়েন। অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি। চোটের তীব্রতা দেখতে এখন তাকে স্ক্যান করাতে হবে।
 
এই সিরিজটি ওয়েস্ট ইন্ডিজের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ৪-০ বা ৫-০ ব্যবধানে জিতলে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতো ক্যারিবীয়রা। কিন্তু সিরিজে প্রথম ম্যাচ হেরেই সেই সুযোগ হারিয়েছে তারা। যে কারণে শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে ওঠেছে, আর ওয়েস্ট ইন্ডিজকে এখন বাছাই পেরিয়ে আসতে হবে মূলপর্বে।
 
ইত্তেফাক/কেআই