কাভানিসহ দলের কাছে ক্ষমা চাইলেন নেইমার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৯
রেকর্ড মূল্যে দলে ভেড়ালেও ক্লাবের সবকিছু যে নেইমারের কথাতেই হবে না, সেকথা তাকে যেন বুঝিয়ে দিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তাই তো লিয়নের বিপক্ষে লিগ-ওয়ানের শেষ ম্যাচে ফ্রি-কিক কাণ্ডে কাভানিসহ সতীর্থদের কাছে ক্ষমা চাইতে হলো ব্রাজিল অধিনায়ককে। এর মাধ্যমে দলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে ক্লাব কর্তৃপক্ষ।
IMG0
গত রবিবার রাতে ওই ম্যাচে প্রথম পেনাল্টি নিতে গেলে নেইমারকে প্রথম দফায় ফিরিয়ে দেন কাভানি। পরে যখন আরেকটি ফ্রিকিক নিতে গেলেন তখন নেইমার-কাভানি ফের বল দখলের প্রতিযোগিতায় গেলেন। কাভানি এই দফায বল দেননি। তবে দানি আলভেস এসে জোর করে কাভানির কাছ থেকে বল নিয়ে নেইমারকে দেন। এ নিয়ে তাদের মধ্যে বচসাও হয়েছে। সেই ঘটনার পর নাকি নেইমার এতোটাই চটেছেন যে, কাভানিকে বিক্রি করে দিতে ক্লাব কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দেন।
 
তবে পিএসজি বরং নেইমারকেই উল্টো ক্ষমা চাওয়ানোর মাধ্যমে যেন একটা জবাব দিয়ে দিলেন। নেইমারের এই ক্ষমা চাওয়ায় মধ্যস্থতা করেন তার জাতীয় দলের সতীর্থ থিয়াগো সিলভা।
IMG1
পিএসজির পরবর্তী ম্যাচ মন্টপেলিয়ের বিপক্ষে। লিয়নের বিপক্ষে ম্যাচের পর দুদিন বিরতি পেয়েছিলেন পিএসজির ফুটবলাররা। সেই বিরতি ভেঙে বৃহস্পতিবার ফের অনুশীলন শুরু হয়। সেখানে নেইমার-কাভানিকে একত্রে দেখা যায়। তবে নেইমারের চেহারায় তেমন স্বতস্ফুর্ত ভাব ছিল না। টাকার কাছে হার মেনে ক্ষমা চাইলেও মনে মনে তার ক্ষোভটা কি তবে রয়েই গেছে! পরবর্তী ম্যাচে সতীর্থদের সঙ্গে আচরণেই হয়তো তার অনেকটা আভাস পাওয়া যাবে।
 
ইত্তেফাক/কেআই