ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লিয়ন (১২) নামে এক এতিম ছাত্রকে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে আহত করেছ মাদ্রাসার সুপার। বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিয়ন উপজেলার বীরহলী এতিমখানা মাদ্রাসার ছাত্র।
লিয়নের মায়ের অভিযোগ, বুধবার বিকেলে মাদ্রাসার পাশের রাস্তায় লিয়ন একটি মোবাইল কুড়িয়ে পায়। এ খবর পেয়ে মাদ্রাসার আরেক ছাত্র তাকে ভয়ভীতি দেখিয়ে মোবাইলটি হাতিয়ে নেয়। পরে জানা-জানি হলে বীরহলী এতিমখানা মাদ্রাসার সুপার আবুল বাশার মোবাইল চুরির অপরাধে ওই দিন মাগরিবের নামাজের আগে লাঠি দিয়ে লিয়নকে বেদম পেটায়। এতে সে গুরুতর আহত হয়। ভয়ে ওই রাতে লিয়ন মাদ্রাসা পিছনে রাত কাটায়। পরদিন বৃহস্পতিবার মাদ্রাসার কয়েকজন ছাত্র লিয়নকে পৌর শহরের গুয়াগাঁও মহল্লায় তার নানার বাড়িতে পৌঁছে দেয়। পরে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান জানান, ওই শিক্ষকের আটকের জন্য অভিযান চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ্ জানান, বিষয়টি জানার পর ওসি'কে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ইত্তেফাক/জামান
