গাজীপুরে কেমিক্যাল কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০০:১০

গাজীপুরে কেমিক্যাল কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার সকালে জামালপুর চৌরাস্তা মোড়ে স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালে তারা ওই এলাকার চারটি সড়কে গাছের গুঁড়ি ফেলে দুই ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এসময় ওই সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের বুঝিয়ে সড়কের অবরোধ তুলে নেয়।

মানববন্ধনে এলাকার মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, এমইএইচ আরিফ ইনস্টিটিউট, জামালপুর ক্যামব্রিয়ান স্কুল, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশলনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, লষ্করচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার কয়েক হাজার মানুষ যোগ দেয়।

স্থানীয়রা জানান, গত ১৫ বছর আগে মৌচাক-চা বাগান- ফুলবাড়িয়া সড়কের পাশে গুড উইল বেসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি কারখানা গড়ে ওঠে। এর পর থেকে তারা ওই কারখানায় বিষাক্ত কেমিক্যাল উত্পাদন করতে থাকে। কারখানায় উত্পাদন শুরু হলে এর কেমিক্যালের ঝাঁঝালো গন্ধে এলাকার সাধারণ মানুষ রাস্তায় হাঁটাচলা করতে এমনকি ঘরে থাকতে পারে না। বিষাক্ত কেমিক্যালের গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসে। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হয়। কারখানার বিষাক্ত কেমিক্যালে এলাকার গাছপালা মরে যাচ্ছে। এছাড়া জমিতে ফসল ফলছে না।

স্থানীয়রা আরো জানায়, এ বিষাক্ত এসিড কারখানাটি বন্ধের জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বারবার জানানো হলেও কারখানাটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্থানীয়রা অবিলম্বে এ কেমিক্যাল কারখানাটি বন্ধের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কারখানাটি বন্ধ থাকায় কাউকে পাওয়া যায়নি।