যুক্তরাষ্ট্রের অ্যালার্ট দেওয়ার মতো কিছু হয়নি বাংলাদেশে ........................স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০০:৩২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঝুঁকিতে নেই। মার্কিন সরকার যে অ্যালার্ট জারি করেছে, তেমন কিছু ঘটেনি এখানে। এটা যুক্তরাষ্ট্রের একটা প্রাকটিস হয়ে গেছে। তারা (যুক্তরাষ্ট্রের নাগরিকরা) হুমকির মুখে নেই। আমরা জানি না কী কারণে তারা (যুক্তরাষ্ট্র) অ্যালার্ট দিয়ে থাকে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, তাদের কিছু জানা থাকলে বা তথ্য থাকলে আমাদের দিক, আমরা ব্যবস্থা নেব। গতকাল রবিবার সকালে রাজধানীর  মিরপুর পুলিশ স্টাফ কলেজে ‘ট্রান্স ন্যাশনাল ক্রাইম : সার্ক পারস্পেকটিভ’ শীর্ষক এক আন্তর্জাতিক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কাল মঙ্গলবার পাবনায় ৬১৪ জন চরমপন্থি সরকারের কাছে আত্মসমর্পণ করবেন। তিনি বলেন, অতীতের ভুলভ্রান্তি ক্ষমা চেয়ে তারা আত্মসমর্পণ করছে।’ আত্মসমর্পণ উপলক্ষে পাবনায় বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ শ’ সদস্য নিরাপত্তার দায়িত্বে মাঠে থাকবেন। দুই সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক কোর্সের আয়োজক বাংলাদেশ পুলিশ। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, মালদ্বীপ ও ভুটানের পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি  ড. জাবেদ পাটোয়ারী বলেন, আন্তঃরাষ্ট্রীয় অপরাধ ও এর সুদূরপ্রসারী প্রভাব এ অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হতে পারে। সার্ক অঞ্চলের দেশগুলোকে অভ্যন্তরীণ ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক সন্ত্রাস দমনে এগিয়ে আসতে হবে। পুলিশ স্টাফ কলেজের রেক্টর রৌশন আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।