গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে পাকিস্তান জানিয়েছে, ভারত চলতি মাসে আরো হামলা চালাবে। আগামী ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে এই হামলা চালানো হবে। গতকাল রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে আমরা জানতে পেরেছি ভারত আবারো পাকিস্তানে হামলা চালাবে। তাই ইসলামাবাদ তার উদ্বেগের কথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য রাষ্ট্রের কাছে জানিয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জনের বেশি ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল। ভারতের বিমান হামলার তথ্য পাকিস্তান স্বীকার করলেও ক্ষয়ক্ষতি নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল। এমনকি দুই দেশের বিমান ভূপাতিত করার দাবিও উঠেছিল। পাকিস্তানের মুলতানে সাংবাদিকদের কোরেশি বলেন, আমাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য আছে যে ভারত আরো হামলার পরিকল্পনা করছে। তবে তিনি গোয়েন্দা সূত্র সম্পর্কে বিস্তারিত বলেননি। প্রধানমন্ত্রী ইমরান খান এই তথ্যের সঙ্গে একমত পোষণ করেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
