টরেন্টোতে স্থায়ী শহীদ মিনার নির্মিত হতে যাচ্ছে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩৮
 
কানাডার টরেন্টোতে নির্মিত হতে যাচ্ছে সেখানকার প্রথম স্থায়ী শহীদ মিনার। বাঙালি অধ্যুষিত ড্যানফোর্থস্থ ডজ রোড-ক্রিসেন্ট টাউন সংলগ্ন টেইলর ক্রিক পার্কে এই শহীদ মিনার স্থাপন করা হবে।
 
গত ৬ সেপ্টেম্বর সিটি অব টরেন্টোর পার্কস, ফরেস্ট্রি অ্যান্ড রিক্রিয়েশন ডিপার্টমেন্ট পর্যালোচনার পর এ শহীদ মিনার স্থাপনের অনুমতি প্রদান করে।
 
অন্যদিকে সিটি অব টরেন্টোর পার্কস অ্যান্ড এনভায়রনমেন্ট কমিটি ৮ সেপ্টেম্বর সর্বসম্মতিক্রমে টেইলর ক্রিক পার্কে স্থায়ী শহীদ মিনার স্থাপনের প্রস্তাব অনুমোদন করে। নির্মিতব্য শহীদ মিনারের ডিজাইনার ইঞ্জিনিয়ার মনির বাবু। প্রবাসী কণ্ঠ থেকে জানা যায়, উক্ত পার্কের পাঁচ নম্বর পিকনিক স্পটের পার্শ্ববর্তী পার্কিং লটের একটি আইল্যান্ডে তা নির্মিত হবে।
 
উল্লেখ্য, ওয়ার্ড-৩১ এলাকার বিচেস-ইস্ট ইয়র্ক, সিটি কাউন্সিলর জেনেট ডেভিস এ স্থায়ী শহীদ মিনারটি স্থাপনের ব্যাপারে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন অর্গানাইজেশন ফর টরেন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট ইনকের সাথে।
 
ইত্তেফাক/জামান