বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠান করতে অনুমোদন লাগবে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০০:৩৪

জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নামে কোনো প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন গ্রহণ করতে হবে। তবে বঙ্গবন্ধুর জীবনী নির্ভর যেকোনো ধরনের নাটক, সাহিত্য ও ক্রীড়াকর্মের জন্য ট্রাস্টের কোনো ধরনের অনুমোদনের প্রয়োজন নেই। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, গত শনিবার ট্রাস্টের এক সভায় সিদ্ধান্ত হয় যে,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর যে কোনো ধরনের নাটক নির্মাণ, লেখালেখি এবং ক্রীড়ানুষ্ঠান/টুর্নামেন্ট আয়োজনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কোনো অনুমোদন লাগবে না। ট্রাস্টের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন।