আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি রাজনৈতিক কোনো বিষয় নয়, এটা তো আইনি বিষয়। তবে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। গতকাল রবিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, সাধারণত দণ্ডপ্রাপ্ত কারো আত্মীয়-স্বজন মারা গেলে তাকে শেষ দেখা বা শেষকৃত্যের জন্য ও অসুস্থ হলে প্যারোলে মুক্তির বিষয়টি আসে। তবে আমার জানা মতে, তার তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি। হানিফ বলেন, প্যারোলে মুক্তি পেতে হলে তাকে আইনি প্রক্রিয়াতেই মুক্তি পেতে হবে; রাজনৈতিক বিবেচনায় প্যারোলে মুক্তি দেওয়ার সুযোগ নেই।
দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে থাকা ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে রয়েছেন। পুরান ঢাকার পুরনো কারাগার থেকে গত পহেলা এপ্রিল তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। সুচিকিত্সার জন্য বিএনপি তার মুক্তি দাবি করে আসছে।
জবাবে হানিফ এর আগেও বলেন, খালেদার মুক্তির বিষয়টি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে।
