চট্টগ্রামের ৪৩২ রানের জবাব দিচ্ছে রাজশাহী

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৬
১৯তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় স্তরে রাজশাহী বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৩২ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে দিন শেষে ১ উইকেটে ১৪৭ রান করেছে রাজশাহী। ৯ উইকেট হাতে নিয়ে এখনো ২৮৫ রানে পিছিয়ে রয়েছে রাজশাহী। 
 
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে ৪৩ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিলো চট্টগ্রাম। প্রথম দিন শেষে ২ উইকেটে ৬৭ রান করেছিলো তারা। আর গতকাল, অর্থাৎ দ্বিতীয় দিন শেষে ১৩৯ ওভারে ৮ উইকেটে ৪১৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলে চট্টগ্রাম। 
 
দলের পক্ষে সর্বোচ্চ ৯৪ রান করেছিলেন ইয়াসির আলী। এছাড়া অধিনায়ক ইরফান শুক্কুর ৬৫, সাজ্জাদুল হক ৬৮, ইফতেখার সাজ্জাদ ৪৩ রানে আউট হলেও কাজী কামরুল ইসলাম অপরাজিত ৩২ রান করেন। শেষ পর্যন্ত ৪৪ রান করেন তিনি। রাজশাহীর শরিফুল ইসলাম ৩টি ও নাজমুল হোসেন শান্ত ২টি উইকেট নেন। 
 
নিজেদের প্রথম ইনিংসে জবাব দিতে নেমে দিন শেষে ভালো অবস্থায় রয়েছে রাজশাহী। অধিনায়ক জহিরুল ইসলাম ৭৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী শান্ত অপরাজিত ২৫ রানে। আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান মাইশুকুর রহমান করেছেন ৩৬ রান।
 
ইত্তেফাক/রেজা