চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে নিহত কাউসারের জমজ সন্তানকে ঢাবির অনুদান

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০০:৩৮

চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী কাউসার আহমেদের জমজ সন্তানকে প্রায় ৯ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং ম্যানেজমেন্ট বিভাগের পক্ষ থেকে এই অনুদানের টাকা দেওয়া হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির এমবিএ ভবনে কাউসারের স্ত্রী নুসরাত জাহান মুক্তার কাছে নগদ ১ লাখ টাকা ও প্রায় আট লাখ টাকার এফডিআর হস্তান্তর করা হয়। এসময় কাউসারের বাবা খলিলুর রহমান ও দুই সন্তান ছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ডাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আলী আক্কাস, ডাকসু ভিপি নুরুল হক নুরু, জিএস গোলাম রাব্বানী, এজিএস সাদ্দাম হোসাইন।

গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের অগ্নিকাণ্ডে কাউসার মারা যান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, টিএসসিভিত্তিক বিভিন্ন সংগঠন এবং ম্যানেজমেন্ট বিভাগ থেকে অনুদান সংগ্রহ করা হয়।