দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে একজন সন্দেহভাজন গন্ডার চোরাশিকারি হাতির পায়ের নিচে পড়ে নিহত হওয়ার পর সিংহের খাদ্যে পরিণত হয়েছে। একটি অনুসন্ধান দল নিহত চোরাশিকারির দেহাবশেষ খুঁজতে গিয়ে একটি খুলি এবং একটি ট্রাউজার বাদে অন্য কোনো কিছু পায়নি।
ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি গত সোমবার চারজনকে সঙ্গে নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য ছিল গন্ডারের সিং সংগ্রহ করা। হঠাত্ করে একটি হাতি ওই লোকটির ওপর চড়াও হয় এবং পা দিয়ে পিষে মারে। এরপর মৃতদেহটি রাস্তায় নিয়ে ফেলে। মঙ্গলবার বাকি চারজন পরিবারের সদস্যদের এই তথ্য জানান। তারা এসে পার্ক কর্তৃপক্ষকে জানালে খোঁজাখুজি শুরু হয়। বৃহস্পতিবার সকালে তার খুলি এবং ট্রাউজার ছাড়া কিছুই পাওয়া যায়নি। ওই স্থানের পরিস্থিতি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষ জানিয়েছেন, সিংহ ওই ব্যক্তিকে কামড়ে খেয়ে ফেলেছে। পার্কের ব্যবস্থাপনা নির্বাহী গেলেন ফিলিপস নিহতের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। তিনি বলেন, পার্কে অবৈধভাবে বা পায়ে হেঁটে প্রবেশ করা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। এর ফলে অনেক বিপদ ঘটতে পারে এবং এই মৃত্যু সেটাই প্রমাণ করে। ক্রুগার ন্যাশনাল পার্কে অনেকদিন ধরেই চোরাশিকার সংক্রান্ত সমস্যা রয়েছে। এশিয়ার দেশগুলোতে গন্ডারের শিংয়ের চাহিদা ব্যাপক। শনিবার হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ প্রায় ২১ লাখ ডলার মূল্যের গন্ডারের শিংয়ের চোরাচালান আটক করে। - সিএনএন ও বিবিসি
