মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে ভূমিধ্বস বিজয় পেতে যাচ্ছে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর দল মালদেভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। ৮৫ ভাগ ব্যালট গণনা করা হয়েছে। গণনা করা ৮৭ টি আসনের মধ্যে ৬০টি আসন পেয়েছে এমডিপি। ধারণা করা হচ্ছে, এমডিপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। ২০০৮ সালে নির্বাচনের পর এই প্রথম বড় ধরনের জয় পেতে যাচ্ছে কোনো দল। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ রাজধানী মালের একটি আসনে জয় পেয়েছেন। সোলিহর পার্টি জয় পেয়ে ফের সরকার গঠন করলে চীনের জন্য ক্ষতিকর হতে পারে। নতুন সরকার ইতোমধ্যে চীনের কাছ থেকে ঋণ নেওয়ার বিষয়ে তদন্ত করার কথা জানিয়েছে। তদন্ত হলে চীনের অনেক প্রকল্পও বন্ধ হয়ে যেতে পারে। আবার সাবেক চীনপন্থি প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনও ফেঁসে যেতে পারেন ঋণ কেলেংকারিতে। যদিও তিনি দুর্নীতির সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন। দেশটিতে আধিপত্য বিস্তার নিয়ে চীন ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। -রয়টার্স
