এয়ার শোয়ের মধ্যেই সমুদ্রে আছড়ে পড়লো ইতালীয় যুদ্ধবিমান

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩১
ইতালিতে এয়ার শো দেখাতে গিয়ে একটি যুদ্ধবিমান সমুদ্রে আছড়ে পড়ে ৪ পাইলটের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির মধ্যাঞ্চলীয় একটি সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে। 
 
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার বিকালে টেরাসিনায় চলছিল ইতালীয় বিমানবাহিনীর এয়ার শো। ইতালির রাজধানী রোম থেকে ১১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী শহর এই টেরাসিনা। এয়ার শো দেখতে ভিড় জমিয়েছিলেন কয়েক হাজার মানুষ।
IMG0
মহড়ার মধ্যেই ডাইভ দিতে গিয়ে হঠাৎ একটি ফাইটার জেট ভেঙে পড়ে মাঝ সমুদ্রে। সঙ্গে সঙ্গেই দুর্ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। তবে উদ্ধার করা হয় বিমান চালকদের মৃতদেহ।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিমান ভেঙে পড়ার সেই মুহূর্তের একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইতালীয় বিমানবাহিনীর তরফে জানানো হয়েছে, ওই বিমানটি ছিল টেস্ট ফ্লাইট ডিপার্টমেন্টের। ফ্লাইট সিডিউলের শেষ পর্যায়ে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে সেটি। তবে কেনো এই ঘটনা ঘটল তার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। শীঘ্রই গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলেও জানান তারা। ডেইলি মেইল।
 
ইত্তেফাক/সেতু