নেপালের কাছে দুর্ভাগ্যজনক হারে যুব সাফে বাংলাদেশের শিরোপার স্বপ্ন শঙ্কায় পড়েছে। সোমবার রাতে ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।
এই হারে টুর্নামেন্টের পাঁচ দলের চারটিরই পয়েন্ট এখন সমান ৬ করে। তবে গোল ব্যবধানে ভারত প্রথম, বাংলাদেশ দ্বিতীয়, নেপাল তৃতীয় ও ভুটান টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। দুই ম্যাচের দুটিতেই হেরে মালদ্বীপ এখনো পয়েন্টশূন্য। আগামীকাল বুধবার শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অন্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেপাল। এই দুটি ম্যাচের ফলেই নির্ধারিত হবে ভাগ্য।
মোটামুটি দাপুটে সূচনা করেও বাংলাদেশ যখন গোল পাচ্ছিল না, তখন ২২ মিনিটে উল্টো গোল আদায় করে নেপালই। অবশ্য ৩০তম মিনিটে আল আমিনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। তবে ৭২ মিনিটে বিশ্বনাথ ঘোষ লাল কার্ড পেয়ে বাইরে চলে গেলে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই সুযোগে ৮০ মিনিটে নেপালের পক্ষে জয়সূচক গোলটি করেন রোমান লিম্বু। ৪০ গজ দূর থেকে তার নেওয়া লম্বা ফ্রি-কিক গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বাংলাদেশের জালে জড়ায়। বাকি সময়ে আর গোল করতে না পারায় দুর্ভাগ্যজনকভাবে হেরেই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
ইত্তেফাক/কেআই
