ফরিদপুরের নগরকান্দায় বাস চাপায় তিন পথচারী নিহত ও কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ডাঙ্গী গ্রামের ওয়াজেদ চোকদার (৭০), বাঙ্গালকান্দা গ্রামের মেহেরুন্নেছা (৫৫) ও ভবুকদিয়া গ্রামের সেকেন্দার শেখ (৭৫)। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানের ওপর চলে আসে। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরেক পথচারীর মৃত্যু হয়।
নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দুইঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কে যান চলাচল সাভাবিক করে।
ইত্তেফাক/জামান
