ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পৌর মেয়র নিখোঁজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৫
 
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পর পরই রাজধানীর উত্তরা থেকে জামালপুরের সরিষাবাড়ী পৌরমেয়র রুকুনুজ্জামান রুটন (৪২) নিখোঁজ হয়েছেন। তিনি সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া গ্রামের বাসিন্দা।
 
নিখোঁজের ভাই সাইফুল ইসলাম জানান, সোমবার আনুমানিক সকাল ৯টায় দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬০ নম্বর নিজ বাসা থেকে নিখোঁজ হন সরিষাবাড়ী মেয়র রুকুনুজ্জামান রুটন । নিখোঁজের আগে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তোমাদের এই ভালোবাসা আমি কোনদিন ভুলতে পারবো না। তোমাদের এই ভালোবাসার কাছে মনে হয় আমি হেরে গেলাম আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না। তারপরেও বলতে চাই "ভালোবাসি ভালোবাসি " এই ভালোবাসা নিয়েই সব কিছু জয় করতে চাই এবং এই ভালোবাসা নিয়েই মরতে চাই। নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান যে আমাকে হত্যা করা হলেও ‘তোমাদের সিক্ত ভালোবাসা যেন অটুট থাকে এবং আমার উন্নয়নের ধারাবাহিকতা তোমরা ধরে রাখবা।’
 
সাইফুল ইসলাম আরো জানান, রুকুনুজ্জামান  তার দেহরক্ষীকে সঙ্গে না নিয়ে সকাল ৯টার দিকে বাসা থেকে বের হন। এরপর তার সরকারি মোবাইল ফোনে কল দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়। সারাদিন তাকে তার আত্মীয়-স্বজন ও তার বন্ধুদের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজেও পাওয়া যায়নি। পরে সোমবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
উত্তরা পশ্চিম থানার ওসি, তদন্ত আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়র রোকুনুজ্জামান নিখোঁজের ঘটনায় তার বড় ভাই থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজের ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/ আরকেজি