পেসার প্যাট কামিন্সের জায়গায় ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে সুযোগ পেলেন আরেক পেসার এন্ড্রু তাই। ইংল্যান্ডের বিপক্ষে আগামী নভেম্বরে অ্যাশেজ সিরিজের কথা চিন্তা করে কামিন্সকে বিশ্রামে রাখতেই ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের স্কোয়াড থেকে তাকে বাদ দেয় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। তবে ইতোমধ্যে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছেন কামিন্স।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৫টি টি-২০ ম্যাচ খেলেছেন তাই। উইকেট নিয়েছেন ৫টি। গত বছরের জানুয়ারিতে সিডনিতে ভারতের বিপক্ষে অভিষেক ঘটে তাই’র। আর দেশের হয়ে সর্বশেষ চলমান বছরের ফেব্রুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে খেলেছেন তিনি।
তবে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাই’র। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগে (আইপিএল) গুজরাট লায়ন্সের হয়ে অংশ নেন তিনি। ঐ আসরে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে হ্যাট্রিকও করেন তাই। আসর শেষে তার ঝুলিতে ছিলো ৬ ম্যাচে ১২ উইকেট। আইপিএল চলা অবস্থায় ঘাড়ের ইনজুরিতে পড়েন তিনি। এরপর আর কোন ম্যাচে অংশ নেননি ৩০ বছর বয়সী এই পেসার।
ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে রাঁচিতে আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। গুহাটি ও হায়দারাবাদ শেষ দু’টি টি-২০ হবে যথাক্রমে ১০ ও ১৩ অক্টোবর।
ইত্তেফাক/রেজা
