অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরাইলি বসতি হার আদারের কাছাকাছি ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ১ সীমান্ত পুলিশসহ ৩ জন নিহত হয়েছে। ওই ফিলিস্তিনিকেও পরে গুলি করে হত্যা করা হয়।
ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত জ্যাসন গ্রিনব্লাট ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে জেরুজালেমে আসার মধ্যেই এই ঘটনা ঘটল। পুলিশ জানিয়েছে, হামলাকারী ফিলিস্তিনির নাম নিমের জামাল। হার আদার বসতির গেটে দুই নিরাপত্তারক্ষী ও একজন বর্ডার পুলিশকে গুলি করে হত্যা করে। আরেকজনকে গুরুতর আহত করে গুলি করে, পরে তাকে গুলি করে হত্যা করা হয়।
ইসরাইলের নিরাপত্তা এজেন্সি জানিয়েছে, নিমের জামালের ইসরাইলি বসতিতে কাজ করার ‘ওয়ার্ক পারমিট’ ছিল, তিনি চার সন্তানের জনক। হার আদারের মাইল খানেক পূর্বে অবস্থিত বেইত সুরিক গ্রামের বাসিন্দা তিনি। এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি তবে হামাস ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এই হামলাকে স্বাগত জানিয়েছে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ এর তথ্য কার্যালয়ের প্রধান বলেছেন, এই হামলার দায় ইসরাইলের, ফিলিস্তিনিদের ওপর তাদের ধারাবাহিক আগ্রাসনের জন্য এই হামলা হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামলাকারীর বাড়ি ধ্বংস করা হবে এবং তার আত্মীয়স্বজনের ওয়ার্ক পারমিট বাতিল করা হবে। তিনি মাহমুদ আব্বাসকে দ্ব্যর্থহীনভাবে এই হামলার সমালোচনা করার আহ্বান জানান। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
