সিরিয়ায় রুশ জেনারেল ভ্যালেরি আস্যাপভের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের ‘দুমুখো নীতিকে’ দায়ী করেছে রাশিয়া। এক জ্যেষ্ঠ রুশ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আরআইএর প্রতিবেদনে সোমবার রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী সের্গেই রিয়াবকভকে উদ্ধৃত করে বলা হয়, ‘রুশ কমান্ডারের মৃত্যুটি সিরিয়ায় দুমুখো আমেরিকান নীতির একটি রক্তাক্ত মূল্য।’ এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সিরিয়ার দেইর আজ জোরের কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের গোলায় আস্যাপভ নিহত হন।
এদিকে বিমান হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরীয় বাহিনীর একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাটি আলাদাভাবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) দাবি করেছিল, সম্প্রতি আইএসের কাছ থেকে দখল করা সিরিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্যাসক্ষেত্রে রুশ বিমান হামলায় তাদের একজন যোদ্ধা নিহত এবং আরো দুইজন আহত হয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাসহেনকভ এসডিএফ অথবা মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিরুদ্ধে হামলার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি আরো বলেন, ওই এলাকায় আইএসের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু তাদের পর্যবেক্ষণ দেখায় যে, এসডিএফ আইএসের বিরুদ্ধে লড়াই করছে না।
এরই মধ্যে সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় সোমবার ১২ শিশুসহ ৩৭ বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার কথা জানিয়েছে ব্রিটেনভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, মে মাসে ওই অঞ্চলে যুদ্ধের তীব্রতা হ্রাসের চুক্তির পর এটিই বেসামরিক মানুষ হতাহতের সবচেয়ে বড় ঘটনা। আল জাজিরা।
ইত্তেফাক/সাব্বির
