বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হলো দৈনিক ইত্তেফাকের সুধী সমাবেশ ও নৈশভোজ। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার হোটেল মম ইন-এ আয়োজিত অনুষ্ঠানে একাধারে এই অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা তাঁদের প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি স্মৃতি রোমন্থনে মেতে ওঠেন। মুুক্তিযুদ্ধকালীন সময়ে ইত্তেফাকের ভূমিকাকে উল্লেখ করে বক্তারা বলেন, আজও সেই ধারা অব্যাহত রেখে পাঠকপ্রিয়তার শীর্ষে রয়েছে পত্রিকাটি।
বক্তারা বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো ভোরে ইত্তেফাক তাদের হাতে পৌঁছুক। সেই প্রত্যাশা ইতিমধ্যেই ইত্তেফাক পূরণ করেছে। এখন অধিকহারে তাদের কথা এই পত্রিকায় উঠে আসবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে আলোচনা পর্বে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, বগুড়ার পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামস উল আলম জয়, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম পিন্টু, টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসনে আরা বেগম, জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. নাজমুল হুদা পপন, জেলা বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক লালু, শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক অশীষ সৈকত। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাকের বগুড়া ব্যুরো প্রধান জি এম সজল।
অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে আত্মবলিদানকারী সকল শহীদ এবং ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন মানিক মিয়াসহ প্রয়াত সকল সাংবাদিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানপর্ব। আলোচনা অনুষ্ঠান শেষে কলেজ থিয়েটার ও নৃত্যছন্দম আর্টস একাডেমীর সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জান্নাতুল তৃষা।
এর আগে দুপুরে দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন বগুড়া শহরের ম্যাক্স মোটেলে বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও সিরাজগঞ্জের প্রতিনিধি, সংবাদদাতা এবং পত্রিকার এজেন্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক অশীষ সৈকতসহ আইটি, বিজ্ঞাপন ও বিপনন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
ইত্তেফাক/এএম।
