পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাওয়াজা আসিফ বলেছেন, ২০০৮ সালে মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী হাফিজ সাইদ, হাক্কানি নেটওয়ার্ক ছিল একসময় যুক্তরাষ্ট্রের চোখের মণি। আর সেই হাফিজ সাইদের জন্য এখন যুক্তরাষ্ট্র এখন পাকিস্তানকে দায়ী করছে।
মঙ্গলবার এশিয়া সোসাইটি সেমিনারে দেয়া বক্তব্যে তিনি বলেন, এটা বলা খুব সহজ যে পাকিস্তান হাক্কানি, হাফিজ সাঈদ ও লস্কর ই তৈয়বাকে সমর্থন করছে। তারা আমাদের দায় হয়ে দাঁড়িয়েছে, আমরা বলেছি তারা আমাদের দায় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সময় দিন আমরা এই দায় ঝেড়ে ফেলব।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া আসিফ বলেন, হাক্কানি নেটওয়ার্ক, হাফিজ সাঈদের জন্য আমাদের দায়ী করবেন না। ২০-৩০ বছর আগে তারা ছিল আপনাদের চোখের মণি। তাদের সঙ্গে হোয়াইট হাউজে ভোজ করেছেন, আর এখন বলেন যে পাকিস্তান এই ধরণের মানুষগুলোকে লালন করছে তাই পাকিস্তান নরকে যাক! এর আগে সাধারণ পরিষদে দেয়া ভাষণে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, পাকিস্তান লস্কর ই তাইয়্যিবা, হাক্কানি নেটওয়ার্ক, হিজবুল মুজাহিদীনের মত জঙ্গি সংগঠনের জনক।
হাফিজ সাঈদ ২০০৮ সালের ২৬/১১ মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী যাতে ১৬৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়। মুম্বাই হামলায় তার ভূমিকার জন্য তাকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি পাকিস্তানে মুক্ত ঘুরে বেড়ানো হাফিজ সাঈদ বলেছেন, তিনি ২০১৮ সালে নির্বাচন করবেন। আন্তর্জাতিক চাপের মুখে তার রাজনৈতিক দল মিল্লি মুসলিম লিগের নিবন্ধন গ্রহণ করা হয়নি। এনডিটিভি।
ইত্তেফাক/সাব্বির
