কুর্দিস্তানের ওপর আকাশ নিষেধাজ্ঞার হুমকি ইরাকের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৭
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন, শুক্রবারের মধ্যে কুর্দি নিয়ন্ত্রিত বিমানবন্দরগুলোর দায়িত্বভার যদি তাদের কাছে হস্তান্তর না করা হয় তাহলে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের ওপর আন্তর্জাতিক আকাশ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। কুর্দি নেতা মাসৌদ বারজানির কুর্দি স্বাধীনতার পক্ষে গণভোটে তারা জয়যুক্ত হয়েছেন এমন ঘোষণার পরই তিনি এই হুঁশিয়ারি দিলেন।  
 
গত মঙ্গলবার কুর্দি নেতা বারজানি ঘোষণা করেন যে, স্বাধীনতার পক্ষে গণভোটে ‘হা’ জয়যুক্ত হয়েছে। তিনি বলেন, একদিন আগে অনুষ্ঠিত গণভোটে সাধারণ মানুষ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। গণভোট নিয়ে ফলাফলের কিছু সময় পরেই প্রধানমন্ত্রী হায়দার আলি কুর্দিস্তান আঞ্চলিক সরকারের ( কেআরজি) উদ্দেশে বলেন, ইরাকি সরকারের কাছে তারা যদি অবিলম্বে কুর্দিদের নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরগুলো হস্তান্তর না করে তাহলে তাদেরকে চরম পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। তিনি বলেন, শুক্রবারের মধ্যে তারা যদি এটি না করে তাহলে তাদের ওপর আকাশ নিষেধাজ্ঞা আনা হবে । 
 
কুর্দিস্তান আঞ্চলিক সরকারের স্বাধীনতার জন্য গণভোট করার প্রতিশোধ হিসাবেই এমনটাই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে নিষেধাজ্ঞায় অভ্যন্তরীণ বিমান চলাচল এর আওতামুক্ত থাকবে। যদি বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয়, তাহলে কেআরজি থেকে আন্তর্জাতিক ফ্লাইট বাগদাদ ও ইরাকের বিমানবন্দরগুলোর মাধ্যমে পুনরায় রুট নির্ধারণ করে যেতে হবে। গত সপ্তাহে বাগদাদ বাইরের দেশগুলো থেকে সরাসরি কেআরজি ফ্লাইট এরবিল ও সুলাইমানিয়ায় (কুর্দি ভ‚খণ্ডে অবস্থিত) না পাঠানোর জন্য বিভিন্ন দেশকে অনুরোধ জানায়। তবে জরুরি ও মানবিক কারণে ফ্লাইট এর আওতার বাইরে থাকবে। ইরাকি প্রধানমন্ত্রী আরো জানায়, প্রতিবেশী দেশগুলোকে কুর্দিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করার জন্যও তারা অনুরোধ জানাবেন। 
 
এদিকে কুর্দি নেতা বারজানি বিশ্বের সকলের কাছে আহবান জানিয়েছেন, তারা যেন লাখ লাখ লোকের প্রাণের দাবি এই গণভোটে জয়লাভের প্রতি সম্মান জানায়। সেইসঙ্গে তিনি বাগদাদকে আহবান জানিয়েছেন, তারা যেন এ জন্যে অবিলম্বে তাদের সঙ্গে আলোচনায় বসেন। আল জাজিরা। 
 
ইত্তেফাক/সাব্বির