মিয়ানমারের একটি দৈনিক ‘দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতায় পুড়িয়ে দেওয়া ভূমির দখল মিয়ানমার সরকার নেবে বলে জানিয়েছেন দেশটির সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উইন মিয়াত আইয়ে।
রাখাইনের রাজধানী সিত্তুয়েতে মঙ্গলবার এক বৈঠকে তিনি জানান, মিয়ানমারের আইনানুযায়ী পুড়ে যাওয়া ভূমি সেদেশের সরকারের দখলে চলে যায়। সরকার সেইসব ভূমির পুনঃউন্নয়ন করবে। একই সঙ্গে তিনি বলেন, ভূমি পুনঃউন্নয়ন কাজ খুবই কার্যকর হবে।
দেশটিতে প্রচলিত দুর্যোগ ব্যবস্থাপনা আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, ওই আইন অনুযায়ী, যেকোনও ধরনের দুর্যোগ এমনকি সংঘর্ষের কারণে কোনও এলাকা যদি ক্ষতিগ্রস্ত হয় তবে সরকার সেই এলাকার পুনঃউন্নয়ন কাজ তদারকি করবে। এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা তিনি দেননি।IMG0
এদিকে, স্যাটেলাইট ইমেজ দেখে বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় চারশ’টি রোহিঙ্গা গ্রামের অর্ধেকের বেশি পুড়িয়ে দেওয়া হয়েছে।
গত ২৫ অগাস্ট থেকে নিরস্ত্র রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনী অব্যাহত হামলা চালায়। সেখান থেকে প্রাণ বাঁচাতে ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে।
ইত্তেফাক/এমআই
