বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মওদুদ আহমদের আবেদন বিষয়ে শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। এ আদেশের ফলে বিচারিক আদালতে মামলাটি চলমান থাকবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
আরও পড়ুন: বিজেপির ইশতেহার প্রকাশ
পরে অ্যাড. খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, এ মামলা ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। গত ৩১ মার্চ তার (ব্যারিস্টার মওদুদ আহমদ) একটি পিটিশনের অনুলিপি আমরা পেয়েছি। যেখানে তিনি বলছেন- হাইকোর্টে তার ফাইন্যান্সিয়াল বিষয়ে মামলা আছে। সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম বন্ধ রাখতে। গত ৪ মার্চ বিচারিক আদালত এ আবেদন নাকচ করলে তিনি হাইকোর্টে আবেদন করেন। যেটি আজ সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে এই মামলার কার্যক্রম চলমানই থাকছে।
জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় এ মামলা করে দুদক। গত বছরের ২১ জুন মওদুদ আহমদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।
ইত্তেফাক/এমআরএম
